নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। তিনি উপজেলার চিলাউড়া (পুঞ্জিপাড়া) এলাকার বাছিত মিয়ার পুত্র। আহত সাইজুল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসিত মিয়া, আঙ্গুর মিয়া, ময়না মিয়া, শফিক মিয়া, রামিম মিয়া, আহাদ আলী নিঃস্ব হয়ে গেছেন।

স্থানীয় লোকজন জানান, অগ্নিকান্ডে ৪ টি গরু, হাঁস, নগদ টাকা, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এসময় হতদরিদ্রদের পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় লোকজন আরো জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিসে বারবার যোগাযোগ করে দেখা মিলেনি। তাই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিভাতে গিয়ে ততক্ষণে সব শেষ হয়ে যায়।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।

এদিকে, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্ট ক্ষুব্ধ চিলাউড়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত