
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর পৌর শহরের জগন্নাথপুর বাজারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিনের নেতৃত্বে এবং জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, সরকারি নির্ধারিত সময় পার হওয়ার পরও কিছু বিপণিবিতান ও দোকানপাট খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। নিয়ম অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন জানান, জাতীয় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়ন অপরিহার্য। ওষুধের দোকান, কাঁচাবাজার ও রেস্টুরেন্টের মতো জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখা বাধ্যতামূলক। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।