নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে রূপা মিয়া (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের আছিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রূপা মিয়া ওই গ্রামের বকুল মিয়ার ছেলে এবং পেশায় একজন মিশুক (ব্যাটারিচালিত রিকশা) চালক ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রূপা মিয়া কাজ থেকে বাড়িতে ফিরে তার মা ফুলমালা বেগমকে শরীর খারাপ লাগছে বলে জানান। মা তাকে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলেন এবং নিজে পাশের ইসলামপুর পয়েন্টে মোবাইল চার্জ করতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মা ফুলমালা বেগম ঘরে ঢুকে ছেলেকে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত