নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে একটি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়ি সংলগ্ন জমিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমিতে জিয়াউল হকের একটি গরু ধানের চারা খায়। এই নিয়ে ওই গ্রামের জিয়াউল হক ও জমির আলীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়া (৪০) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। মারামারির পরপরই গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, জমিতে গরুর জালা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত