নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সুন্দর আলী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে পৌরসভার হবিবনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুন্দর আলী (২৫) হবিবনগর এলাকার ছমেদ আলীর ছেলে। তিনি হবিবনগরের ফিরোজ আলীর মালিকানাধীন একটি টিনশেড বাসার উত্তর দিকের রুমে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সুন্দর আলীর সঙ্গে তার স্ত্রী লুবনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হলে লুবনা বেগম তার বোনের বাড়ি চলে যান। ওই দিন রাতে সুন্দর আলী নিজের রুমে ঘুমাতে যান। সোমবার দুপুর ১টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। পরে তারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাসার মালিকসহ জানলা দিয়ে ঘরের ভেতরে সুন্দর আলীকে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।
বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হলে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা পর্যন্ত নিহত যুবকের স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত