নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নম্বর মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের “আটঘর দক্ষিণপাড়া থেকে বিটির লামা” সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। জনদুর্ভোগ নিরসনে সড়কটি দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সম্প্রতি নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

আটঘর গ্রামবাসীর পক্ষে এই আবেদনটি দাখিল করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা Foundation-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ মালেক খান। আবেদনের অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং জেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরেও প্রেরণ করা হয়েছে।
আবেদন সূত্রে জানা যায়, আটঘর গ্রামটি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.)-এর অন্যতম সঙ্গী হযরত হাজী শাহ শামস্ উদ্দিন বিহারী (র.)-এর স্মৃতিবিজড়িত স্থান। গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাচীন সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এবং সাম্প্রতিক বছরগুলোর বন্যায় প্রায় দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে পুরো সড়কে গভীর খানাখন্দ সৃষ্টি হওয়ায় রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় মসজিদ ও মাজারে আসা পুণ্যার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, আটঘর গ্রামের সড়ক সংস্কারের বিষয়ে একটি আবেদন পেয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে কথা বলে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত