সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গত রোববার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর-শান্তিগঞ্জের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়সর এম আহমেদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দল ও দেশের কল্যাণে পাশে থাকবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান।
তিনি আরও বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিগত নির্বাচনে প্রবাস থেকে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া ও সমর্থন প্রদানকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহ্বায়ক কাজী আঙুর মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দীন এবং নর্থ-ইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ। আঞ্চলিকসংবাদ
এ ছাড়া ও আরো বক্তব্য দেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, মৌলভীবাজার বিএনপির সাবেক সহসভাপতি আয়াস মিয়া, বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, কভেন্ট্রি বিএনপির সাবেক সভাপতি জামিল আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, জাসাস ইউরোপের সমন্বয়ক ফয়সল আহমেদ, বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম, ডার্বিশায়ার বিএনপি নেতা সৈয়দ মাহমুদ হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবিদ মল্লিক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল নাসিম ও মনোয়ার হোসেন, বিএনপি নেতা ইসলাম খান, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এবং ফজলুল হকসহ অনেকে।
অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত