নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোনো টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিজের পছন্দমতো নিম্নমানের পোনা মাছ সংগ্রহ করে তিনি তা সোমবার অবমুক্ত করেন।
অনুসন্ধানে জানা যায়, রাজস্ব খাতের এক লাখ টাকা বরাদ্দের পোনা মাছ প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের জন্য ই-টেন্ডারে কয়েকজন ঠিকাদার কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে ই-টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন মৎস্য কর্মকর্তা। পরে তিনি নিজেই পোনা মাছ কিনে অবমুক্ত করেন।
এদিকে পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
পোনা মাছ অবমুক্ত করার দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার মঈন উদ্দিন, তারেক আহমদ ও জুয়েল আহমদসহ কয়েকজন অভিযোগ করেন, নিয়ম মেনে টেন্ডার ড্রপ করা সত্ত্বেও মৎস্য কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে তা বাতিল করা হয়। কাউকেই স্বাভাবিক নিয়মে টেন্ডার ফেলতে দেওয়া হয়নি এবং মৎস্য কর্মকর্তা আল আমিন নিজের ব্যবস্থাপনায় নিম্নমানের মৃত ও অর্ধমৃত পোনা নিয়ে আসেন। মঈন উদ্দিনসহ দরপত্রে অংশগ্রহণকারীরা জানান, তড়িঘড়ি করে ২৬৭ কেজি পোনা মাছ সরবরাহ ও বিতরণ করার নামে নামমাত্র পোনা অবমুক্ত করে মৎস্য কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এমনকি স্থানীয় সাংবাদিকদের পোনা অবমুক্ত করার খবর পর্যন্ত জানানো হয়নি। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা আল আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি চরম দম্ভোক্তি করে বলেন, "আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে! আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।" তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমি নিয়ম মেনেই পোনা ছেড়েছি।"
জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ হামজা জানান, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই পোনা কেনা ও বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায়।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে অব্যবস্থাপনা ছিল। এ নিয়ে মৎস্য কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — create your own ai girlfriend for AI chat