নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। আধুনিক এ থানা ভবন চালুর মধ্য দিয়ে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে থানা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া কঠোরভাবে নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা জরুরি। তিনি বলেন, “কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী, তার পরিচয় সে অপরাধী; আইনের চোখে সবাই সমান এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে আছে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করার গুরুত্ব ও দ্রুত সাড়া পাওয়ার কার্যকারিতা তুলে ধরেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে পুলিশের গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রয়েছে। জনগণ যেন নির্ভয়ে থানায় এসে সেবা ও আইনি সহায়তা পেতে পারেন, সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস্ এর সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং থানা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী এবং গীতা পাঠ করেন গৌতম দত্ত।