নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, নগদ টাকার পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে হবে। বাংলা কিউআর একটি সময়োপযোগী ও সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বাংলা কিউআর বাস্তবায়ন’ মতবিনিময় সভা ও প্রচারণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফডিপি ও জোনাল হেড মো. নাজমুস সাকীবের সভাপতিত্বে এবং সিটি ব্যাংক পিএলসির ম্যানেজার নবরুপা ধর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনে গতি ও স্বচ্ছতা আসবে। পকেটে নগদ টাকা না রেখে স্মার্টফোনে রাখলে টাকা নষ্ট বা খোয়ার শঙ্কা থাকে না, গুনতে সময় লাগে না এবং জাল টাকার সমস্যাও সমাধান হয়। তবে গ্রাহকের সহযোগিতা ছাড়া এটি সফল হবে না এবং এর ফলে প্রান্তিক ও গ্রামাঞ্চলের ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তারা সহজেই ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুরের সহকারী প্রোগ্রামার আশীম চক্রবর্তী।
বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন বাবর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক ওমর ফারুক, জগন্নাথপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, শামসুল ইসলাম।
এর আগে বাংলা কিউআর বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জগন্নাথপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।