
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার অবৈধ বাংলা মদসহ নিখিল তালুকদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সি/এ মার্কেট সংলগ্ন একটি দোকান ঘর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নিখিল তালুকদার জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানীপুর এলাকার মৃত নিকুঞ্জ তালুকদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একটি চৌকস দল সি/এ মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নিখিল তালুকদারের দোকান তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির সাথে জড়িত থাকার দায়ে নিখিল তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লিটার মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।