
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে একটি গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গরুটি উদ্ধার করে বর্তমানে পুলিশের জিম্মায় আছে। তবে এখন পর্যন্ত গরুটির প্রকৃত মালিকের কোনো সন্ধান মেলেনি।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, রোববার রাতে থানা এলাকায় একটি গরু একা ঘোরাঘুরি করতে দেখে সেটিকে উদ্ধার করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এদিন জগন্নাথপুর বাজারে অস্থায়ী পশুর হাট বসেছিল। পুলিশের ধারণা, গরুটি পশুর হাটের কোনো বিক্রেতার হাত থেকে ছুটে গেছে অথবা কোরবানির জন্য কেনা কোনো ক্রেতার বাড়ি থেকে পালিয়ে এসেছে। গরুটি উদ্ধারের পর থেকেই এর প্রকৃত মালিকের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণ ও সঠিক তথ্য উপস্থাপন করে গরুর প্রকৃত মালিককে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে গরুটি মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে।
আশেপাশে কারও গরু হারিয়ে থাকলে বা এই বিষয়ে কোনো তথ্য জানা থাকলে জগন্নাথপুর থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়।