
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে নলজুর নদীর তীরে দৃষ্টিনন্দন আর্চ ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশের বুকেই শুভ সূচনা হলো সর্বাধুনিক সুবিধাসংবলিত নতুন আবাসিক প্রতিষ্ঠান ‘হোটেল সানলাইট’-এর। স্থানটি যেমন মনোরম, তেমনই মনোরম এর ভেতরের পরিবেশ ও আধুনিক সাজসজ্জা। দূর-দূরান্ত থেকে আসা অতিথি ও স্থানীয় মানুষদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে এই উন্নত মানের ব্যবস্থা।
শুক্রবার সকাল ১১টায় এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, বিএনপি নেতা শামসুল ইসলাম, তকবুর মিয়া, নিজামুল হক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জিলু মিয়া, হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন, হোটেলের ম্যানেজার মনোজ চৌধুরী, দায়িত্বশীল কর্মকর্তা মোঃ মনির মিয়া ও রাকিব আলীসহ এলাকার ব্যবসায়ী, তরুণ সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ বলেন, ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক এলাকায় এমন একটি আধুনিক ও উন্নতমানের আবাসিক হোটেল স্থাপন সময়োপযোগী একটি উদ্যোগ। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে। আমরা আশাবাদী এখানে আগত ব্যবসায়ী, ভ্রমণপ্রার্থী ও দেশ-বিদেশের অতিথিরা এখন থেকে নির্ভাবনায় উন্নত, নিরাপদ ও আরামদায়ক সেবা উপভোগ করতে পারবেন।
হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন জানান, জগন্নাথপুর পৌরপয়েন্টের সন্নিকটে নলজুর নদীর তীরের স্নিগ্ধ ও শান্ত পরিবেশকে কাজে লাগিয়ে অতিথিদের সর্বোচ্চ সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, পরিচ্ছন্ন পরিবেশ, পেশাদার ব্যবস্থাপনা এবং আন্তরিক আতিথেয়তার মাধ্যমে ‘হোটেল সানলাইট’ খুব দ্রুতই সবার আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠবে।
আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনার পর প্রতিষ্ঠানের শুভকামনায় একমিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর জামে মসজিদের ইমাম এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসেন জামি।