
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘মানবিক ফাউন্ডেশন’। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মূলমন্ত্রকে ধারণ করে সম্প্রতি চট্টগ্রামের প্রত্যন্ত সাতকানিয়া উপজেলার পশ্চিম ঘাটিয়াডেংগা, পাহাড়তলী, আলীনগর ও এওচিয়া এলাকার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ‘চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জগন্নাথপুরবাসীর উপহার’ ব্যানারে পিকআপ নিয়ে এলাকাগুলো ঘুরে ঘুরে এই সহায়তা বিতরণ করা হয়।
২০১৯ সালে স্থানীয় সাংবাদিক আলী হোসেন খানের উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায় নারীদের বিয়ে, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন আর্থিক সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা, ফ্যান বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রমের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছে। স্থানীয় যুবসমাজ, প্রবাসী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের আর্থিক সহায়তায় সংগঠনটি প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো ছড়াচ্ছে।
এলাকায় কোনো দুর্যোগ বা অসহায় মানুষ অর্থাভাবে গুরুতর সংকটে পড়লে মানবিক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আলী হোসেন খান ফেসবুক লাইভে এসে মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। আর প্রতিটি লাইভ প্রচারের পর পরই দেশ-বিদেশ থেকে সহৃদয় ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায়
ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আলী হোসেন খান এবং এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে তারা জগন্নাথপুরের ব্যবসায়ী, প্রবাসী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।
গত ১৭ জুলাই আলী হোসেন খানের ফেসবুক লাইভ পোস্টে ও সংগঠনের সদস্যদের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টায় ৮২ হাজার টাকা সংগৃহীত হয়। জনৈক মানবিক ব্যক্তিদের দেওয়া এই ৮২ হাজার টাকার তহবিল নিয়ে প্রতিনিধিদল ছুটে যায় চট্টগ্রামের সাতকানিয়ায়। বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংগঠনের সদস্যরা টানা ৩ দিন সেখানে অবস্থান করেন।
ত্রাণ বিতরণের আগে মানবিক টিম ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের নির্বাচন করে সরাসরি তাদের হাতে সহায়তা তুলে দেয়। এ সময় মানবিক টিমের সাথে যুক্ত হয়ে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ইউপি সদস্য সুমন মিয়া।
সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ৩ দিনের খাবার বাবদ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ ও মুড়িসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেককে ১,০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সাথে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নতুন করে ঘর নির্মাণের জন্য ৫ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো দূর প্রবাস ও এলাকার সমন্বয়ে গঠিত জগন্নাথপুরবাসীর এই মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা শুধু খাদ্য বা অর্থের নয়, এটি তাদের দুর্দিনে পাশে থাকার এক অনন্য মানবিক বার্তা।
মানবিক ফাউন্ডেশন জগন্নাথপুর-এর সভাপতি সাংবাদিক আলী হোসেন খান জানান, মানবসেবাই তাদের প্রধান লক্ষ্য। সমাজের বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।