
নিজস্ব প্রতিবেদক :
দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কার্যালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের চিতলীর হাওর, সরাইল বিল ও কাটাগাং ডরে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মৎস্য শিকারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অবৈধ ৪০টি চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
রাত সাড়ে ১০টার দিকে জাল ধ্বংস করার আগে স্থানীয় সংবাদকর্মীদের মৎস্য কর্মকর্তা মো. আল আমিন জানান, দেশীয় মাছের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে চায়না রিং জালসহ যেকোনো ক্ষতিকর জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও সতর্ক করে বলেন, চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে ক্ষতিকর উপায়ে মৎস্য শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। যারা বেআইনিভাবে এসব জাল ব্যবহার করে দেশীয় মাছ ও জলজ প্রাণীর ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ আইন অমান্যকারীদের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।
পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকার নলজূর নদীর তীরে খাদ্যগুদামের সামনে জব্দকৃত চায়না রিং জালগুলোতে কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।
জাল পুড়িয়ে ধ্বংস করার সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।