
নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় এতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট বেটস সাকিব হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ-পরিদর্শক নুরুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম।
এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক গোবিন্দ দে, শাহ ফুজায়েল আহমেদ, আল আমীন, বাস মালিক সমিতির প্রতিনিধি মুকুল কর এবং সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় এলজিইডির বাস্তবায়নে উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ককে প্রাথমিকভাবে গ্রামীণ কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সড়কগুলো টেকসই ও মানসম্মত উপায়ে নির্মিত ও সংস্কার হলে তা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মাইলফলক হিসেবে কাজ করবে।
আলোচনা সভা থেকে উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ককে এই মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়ক সংস্কারে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং খুব শিগগিরই এলাকার সর্বস্তরের মানুষ এর সুফল পাবেন বলে আশ্বাস দেন।