
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ইজারাভুক্ত এজমালি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সালিশ বৈঠকের মধ্যেই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়লে অন্তত ছয়জন আহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামের ঈদগাহের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর ও গন্ধর্বপুর গ্রামের মধ্যবর্তী একটি ইজারাভুক্ত জমি নিয়ে অনন্ত গোলাম আলীপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের পক্ষ এবং মোঃ জমির উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে চরম উত্তেজনা ও বাকবিতণ্ডা বিরাজ করছিল।
পরিস্থিতি নিরসনে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় ঈদগাহের সামনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ উপস্থিত হন। কিন্তু বৈঠকের এক পর্যায়ে কথা-কাটাকাটি থেকে উভয় পক্ষের লোকজন উত্তেজনায় ফেটে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে জালাল উদ্দিনের পক্ষের অনন্ত গোলাম আলীপুর গ্রামের মোঃ নুনু মিয়া (৩৫) ও মিরাজ মিয়া এবং জমির উদ্দিনের পক্ষের গন্ধর্বপুর গ্রামের মজিদ মিয়া (৬০), আজিজ মিয়া (৫৫), জুয়েল মিয়া (৪৮) ও ফরুখ (৫২) আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা
দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।