
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। উদ্বোধন শেষেএকটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, রাজনীতিবিদ সুজাতুর রেজা, সমাজসেবী এম এ কাদিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে জনস্বার্থে উপজেলার সকল বিনোদন কেন্দ্র ও শিশু পার্কগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।