
নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আর্চ সেতুর সংযোগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, সাংবাদিক রিয়াজ রহমান, শ্রমিক নেতা মশাহিদ মিয়া এবং শফিকুল ইসলাম খেজর।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।