
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন। সুন্দর জগন্নাথপুর গড়তে যা যা করনীয় তা করতে হবে। সবাই মিলে সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জ গড়তে চাই। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে। জগন্নাথপুর উপজেলার যে সব উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেগুলোর বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে নানা পদক্ষেপ শুরু করেছি। ঠিকাদারদের কারণে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন রাস্তা ঘাটের বেহালদশা বিরাজ করছে। এসব বিষয়ে আমরা কাজ শুরু করেছি।
তিনি মঙ্গলবার (১৩ মে) বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তিনি সাম্প্রতিককালে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা প্রনয়নের বিষয় উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা নির্ভুল হতে হবে।এখানে কোন অনিয়ম স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না। তিনি নতুন করে এ তালিকা প্রনয়নের নির্দেশ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে দুই বান করে ঢেউটিন ও নগদ সাড়ে সাত হাজার টাকা করে প্রদান করা হয়। পরে তিনি উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্প থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট গাছের চারা বিতরণ করেন।