
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চাঞ্চল্যকর সেলিম মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আট আসামিকে পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন তেঁতুলিয়া ডাঙাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুলাই) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাজল মিয়া (৪০), মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ দুলাল মিয়া (৩৯), মৃত আব্দুস ছত্তারের ছেলে হিরন মিয়া (৪৫), একই পিতার ছেলে রাজিক মিয়া (৪১), মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ফুল মিয়া (৩০), মৃত আব্দুস ছত্তারের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩০), একই পিতার ছেলে আশিক মিয়া (২৮) এবং মোঃ হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (১৯)।
উল্লেখযোগ্য যে, গত ১০ জুলাই উত্তর গড়গড়িকান্দি গ্রামে জিয়াউল হক ও জমির আলীর মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সেলিম মিয়া গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১২ জুলাই রবিবার জগন্নাথপুর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারাসহ হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১১, জি আর নং-১১৭)।
অভিযানের বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে দেশের দূরবর্তী সীমান্তবর্তী এলাকায় গিয়ে আত্মগোপন করে। পরে তথ্যপ্রযুক্তির নিখুঁত ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে পঞ্চগড়ে সফল অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।