
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনার পর কেটে গেছে দীর্ঘ সময়। শনিবার ভোর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ ও ক্লান্তিকর অভিযান চালিয়েও পুরো উদ্ধার প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। দিনভর চেষ্টা চালিয়ে উদ্ধারকর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের অরুণ দেবনাথ (৪৫) ও শচীন্দ্র দেবনাথ (৬০)। তবে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও একই গ্রামের অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৪০) নামে আরও দুইজনের কোনো সন্ধান মেলেনি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাতে পূর্ব ভবানীপুর গ্রাম থেকে কয়েকজন লোক পাশের এলাকার প্রফুল্ল দেবনাথের বাড়িতে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তনে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক তিনটার দিকে ডিঙ্গি নৌকায় করে তারা নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মইয়ার হাওরের বৈঠাখালী ও বালুচর এলাকায় পৌঁছালে নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে নিকটবর্তী ভবানীপুর সড়কে উঠে নিরাপদে প্রাণে বাঁচলেও চারজন হাওরে তলিয়ে যান।
রাতেই স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। এরপর শনিবার ভোর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মইয়ার হাওরে একটানা দীর্ঘ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে দুপুরে অরুণ দেবনাথের মরদেহ এবং বিকেল সাড়ে চারটার দিকে শচীন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ১৬ ঘণ্টা অভিযানের পর উদ্ধার তৎপরতা সাময়িক বিরতিতে থাকলেও নিখোঁজ বাকি দুইজনের পরিবারে এখনও চলছে স্বজন হারানোর মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটানা দীর্ঘ উদ্ধার তৎপরতা চালিয়েছেন। দুইজনের মরদেহ পাওয়া গেছে এবং নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ভোর থেকে দিনভর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করেছে। ইতোমধ্যেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপর দুইজনকে উদ্ধারে কাজ চলছে।