
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটাখোলা নদীতে গোসল করতে নেমে মাহিম মিয়া নামের ৭ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার বেলা দেড়টার দিকে জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নের চকোরিয়া (মুজাহিদপুর) গ্রামের ইটাখোলা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মাহিম মিয়া চকোরিয়া গ্রামের রাজিব মিয়া ও পলি বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাহিম তার ৯ বছরের বোন মারিয়া বেগমের সঙ্গে বাড়ির পাশের ইটাখোলা নদীর ঘাটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মাহিম হঠাৎ নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা বোনের চিৎকার ও খবর পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ইটাখোলা নদীতে শিশু নিখোঁজের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সার্বিক তৎপরতা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।