
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত এনামুল হকের বয়স ২৬ বছর। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুবাজপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় সন্দেহভাজন ও অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জুন কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় এ পর্যন্ত মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।