
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল
চালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টাট দিকে জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী মোল্লাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। শাহারপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুর আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামসুদ্দিন সাদ্দাম মোটরসাইকেলের পেছনে আরোহী ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং মোটরসাইকেল চালকসহ বাকি ২ জন গুরুতর আহত হন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।