
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের পর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে জুয়েল মিয়া নামের এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একশ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।
মঙ্গলবার বার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন বলেন, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন এবং মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনার দুই দিন আগে তার মা মৌখিকভাবে নির্যাতনের অভিযোগ করেন। তিনি প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতেন। এ অভিযোগ ও মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সুনামগঞ্জে কারাগারে পাঠানো হয়েছে।